ডিজিটাল রূপান্তরে যাচ্ছে টিসিবি, এআইয়ে হবে পণ্য বিতরণ মনিটরিং

ডিজিটাল রূপান্তরে যাচ্ছে টিসিবি, এআইয়ে হবে পণ্য বিতরণ মনিটরিং
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ৮ হাজার কোটি টাকার পণ্য সংগ্রহ করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক: ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সংস্থাটির কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

গতকাল টিসিবির সম্মেলনকক্ষে সংস্থাটির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

আরও পড়ুনঃ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা জরুরি: আইনমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সরবরাহ ব্যবস্থাপনা এখনো পুরোপুরি নিরবচ্ছিন্ন ও কার্যকর হয়নি। উৎপাদক পর্যায় থেকে পণ্য শহর বা রাজধানীর খুচরা বাজারে পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে দামের বড় ব্যবধান তৈরি হয়। পাশাপাশি সাময়িক সরবরাহ সংকটও বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি সরকারি ভর্তুকির সুবিধা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানো সহজ হবে।

‘উপকারী’ অ্যাপে ডিজিটাল সেবা

টিসিবির নতুন ‘উপকারী’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রচলিত কার্ডের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতেও সেবা গ্রহণ করতে পারবেন উপকারভোগীরা। ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোডের মাধ্যমে উপকারভোগীর পরিচয় এবং পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে।

এর ফলে কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হলেও যাচাইকৃত প্রকৃত উপকারভোগী নির্ধারিত পণ্য থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি কমবে।

অনলাইনে ডিলার ব্যবস্থাপনা

অনলাইন ডিলার ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে ডিলার নিয়োগের আবেদন, তথ্য সংরক্ষণ এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদনকারীর সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা যাবে। একই সঙ্গে অনলাইন পেমেন্ট কালেকশন ব্যবস্থা চালুর ফলে আর্থিক লেনদেন আরও সহজ ও স্বচ্ছ করার সুযোগ তৈরি হবে।

পিওএসে বায়োমেট্রিক ও অনলাইন পেমেন্ট

অল-ইন-ওয়ান পয়েন্ট অব সেল বা পিওএস ব্যবস্থায় পণ্য বিক্রি, বায়োমেট্রিক পরিচয় যাচাই, অনলাইন পেমেন্ট এবং তাৎক্ষণিক বিক্রয় রশিদ দেওয়ার সুবিধা থাকবে।

অন্যদিকে এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে দেশের কোন এলাকায় কত পণ্য বিক্রি ও বিতরণ হচ্ছে, কোথাও অনিয়ম হচ্ছে কি না—এসব তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে অনিয়ম শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

উপকারভোগীদের দ্রুত তথ্য ও সহায়তা দিতে এআইভিত্তিক কন্টাক্ট সেন্টার চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বাদ পড়েছে ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি যাচাইকৃত ডিজিটাল ডেটাবেস তৈরি করা হয়েছে।

সরকারি ভর্তুকির সুবিধা প্রকৃত ও যোগ্য উপকারভোগীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে এই ডেটাবেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

ভর্তুকি সাশ্রয়ের আশা

বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে টিসিবির বিভিন্ন উদ্যোগ এবং ডিজিটাল রূপান্তরের ফলে আগের বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে বলে আশা করা হচ্ছে।

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রযুক্তির ব্যবহার, সঠিক উপকারভোগী নির্বাচন এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তুকির অপচয় আরও উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তি মানুষের জন্য ব্যবহার করা হবে এবং টিসিবির সেবা আরও সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিদের সঙ্গে নিয়ে টিসিবির ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।