শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ও কৃতী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে জানান, সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান, বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় ব্র্যাক ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, এগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা বাংলাদেশিদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। পাশাপাশি পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে আধুনিক, সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থার নীতি দ্রুত প্রণয়ন করা দরকার।
সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।





