জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলায় আনসারের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলায় আনসারের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলায় আনসারের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’ পরিষেবা, ‘প্রান্তিক শক্তি’ এবং ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন, পূজা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় অনুষ্ঠান ও বিভিন্ন জনসমাগমস্থলের নিরাপত্তায় আনসার সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দুর্গম পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের পাশাপাশি অবৈধ পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধেও তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, নিখোঁজ শিশু উদ্ধার, বৃক্ষরোপণ এবং দালালবিরোধী কার্যক্রমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও জনসেবায় অবদান রাখছে। আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর আধুনিক আনসার সদর দপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং বাহিনীর আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বহুতল ভবনে আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য আদান-প্রদান, কেন্দ্রীয় অপারেশন মনিটরিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

তিনি বলেন, নারীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিজিটাল প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও ‘সঞ্জীবন’ প্রকল্পের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটালাইজেশন সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম ও জননিরাপত্তায় দক্ষ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি সভাপতিত্ব করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।