দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসা শেষে ৭৬ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।





