জবাবদিহিতা নিশ্চিত করে কাজের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জবাবদিহিতা নিশ্চিত করে কাজের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর
জবাবদিহিতা নিশ্চিত করে কাজের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।

মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। সরকারি কাজে কোনো ভুল থাকলে তা তুলে ধরলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তবে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

সীমিত সম্পদের মধ্যেও কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে যাওয়ার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনের ভিত্তিতে পরিচালনা করতে হবে।

তিনি বিদ্যমান অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠপর্যায়ের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা দরকার। বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানো গেলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে। এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।