এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে
এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। তবে গত বছরের তুলনায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৩৪৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাসের তালিকা থেকে বাদ পড়েছে ২০৬টি প্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

ফলাফল বিশ্লেষণে আরও দেখা গেছে, এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তবে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবারের পরীক্ষায় মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারাদেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষা।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এবং ৯ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।