দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামেও আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ শিশুর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





