দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ সম্প্রসারণ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে ধামরাই উপজেলাতেও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচকে ঘিরে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।





