মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নে অবস্থিত শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি জড়িয়ে রয়েছে। তারা একসময় এই কলেজে এসেছিলেন এবং এখানে এক রাত অবস্থান করেছিলেন।
তিনি কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কলেজে একটি হোস্টেল নির্মাণের আশ্বাসও দেন তিনি।
এ সময় তিনি কলেজ ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।





