ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের সফলতা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “হতাশ হয়ে মাথা গরম করবেন না, বরং জনতার যৌক্তিক দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।”
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ আল্লাহর মেহেরবানীতে অভাবনীয় সফল হয়েছে। আর এই সফলতা দেখেই গত দুইদিন ধরে রাজধানীতে অনেকের মাথা গরমের লক্ষণ দেখা যাচ্ছে।”
সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, “আজকে আমাদের আট দফা দাবি রয়েছে। মনে রাখবেন, জাতির প্রয়োজনে এটি ৯ বা ১০ দফা হতে পারে, এমনকি যেকোনো সময় তা এক দফায় রূপ নিতে পারে। আর আন্দোলন এক দফায় পৌঁছালে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। তাই সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “যদি দাবি মানতে ব্যর্থ হন, তবে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করেই রক্ষা পাওয়া যাবে না। আমরা কোনো দলীয় স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। আজকে পুরো দেশ ১১ দলের সঙ্গে আছে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।”





