গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন।
উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুরের ভোগরা, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কর্মসূচি রয়েছে।
দিনের কর্মসূচি শেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় জনগণ বিভিন্ন স্থানে লংমার্চকে স্বাগত জানাতে সড়কের পাশে অবস্থান করলে সেখানে নেতারা বক্তব্য দিতে পারেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-দখলবাজি-চাঁদাবাজি বন্ধ, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
এর আগে ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করেছিল একই রাজনৈতিক জোট। এরপর রংপুর অভিমুখে দ্বিতীয় দফার লংমার্চের ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।
লংমার্চকে কেন্দ্র করে ঢাকা থেকে রংপুর পর্যন্ত বিভিন্ন জেলা ও মহানগর শাখায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজক নেতারা কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করছেন।





