বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার সুরক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিধিনিষেধ নিয়ে জরুরি নির্দেশিকা জারি করেছে মানামার বাংলাদেশ দূতাবাস।
একই সঙ্গে প্রবাসীদের বাহরাইনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে দূতাবাস থেকে এসব দিকনির্দেশনা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিয়ম:
দূতাবাস জানায়, পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করা যাবে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত যেকোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা মেনে চলতে হবে। এছাড়া অনলাইন প্রতারণা ও ফিশিং থেকে সতর্ক থাকতে অপরিচিত কোনো লিংক, বার্তা বা ফাইলেই ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবেদনশীল ইস্যু ও রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা:
নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের পক্ষে কোনো ধরনের পোস্ট, ছবি বা ভিডিও লাইক, শেয়ার কিংবা কমেন্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আন্তর্জাতিক রাজনৈতিক সংঘাত—যেমন ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল ইস্যু নিয়ে স্থানীয় আইন ভঙ্গ হতে পারে এমন কোনো বিতর্কিত মতামত ও পোস্ট ইন্টারনেটে প্রচার করা যাবে না। পাশাপাশি বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বা অনলাইন প্রচারণায় অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা:
কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনা এবং সংবেদনশীল বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের নিজস্ব বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংকিং তথ্য কোনোভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানানো হয়।
অপরাধ ও প্রতারণা এড়ানোর আহ্বান:
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষমূলক মন্তব্য বা বিতর্কে না জড়াতে অনুরোধ করেছে দূতাবাস। এর পাশাপাশি ভুয়া চাকরির প্রলোভন, অবৈধ ভিসা বাণিজ্য, দ্রুত ধনী হওয়ার লোভ দেখায় এমন সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণা থেকে প্রবাসীদের দূরে থাকতে বলা হয়েছে। কোনো অপরাধমূলক বা সহিংস ঘটনাকে অনলাইনে সমর্থন করা বাহরাইনের আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে স্মরণ করিয়ে দেয় দূতাবাস।





