১৩৭ গ্রাম পুলিশ নতুন বাইসাইকেল পেয়ে খুশি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

১৩৭ গ্রাম পুলিশ নতুন বাইসাইকেল পেয়ে খুশি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
১৩৭ গ্রাম পুলিশ নতুন বাইসাইকেল পেয়ে খুশি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
নওগাঁর মান্দায় মাঠ পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে ও মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৩৭ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এই বাহন তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেলসমূহ হস্তান্তর করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্য আদান-প্রদান এবং সরকারের সামাজিক ও প্রশাসনিক বার্তা দূর-দূরান্তের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা দিনরাত কাজ করে থাকেন। বাইসাইকেল সংযোজনের ফলে তাঁদের কাজের পরিধি ও যোগাযোগের গতি আরও বৃদ্ধি পাবে।
উপহার হিসেবে নতুন বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে দারুণ আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাঁরা জানান, মাঠ পর্যায়ের কাজগুলো সময়মতো ও দ্রুত সম্পন্ন করতে এই বাইসাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সুন্দর ও উপযোগী উপহারের জন্য তাঁরা সরকারের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।
সুবিধাভোগী এক নারী গ্রাম পুলিশ সদস্য উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আগে হেঁটে বা লোকাল যানবাহনে করে দূর-দূরান্তের গ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হতো। এখন নিজস্ব সাইকেল পাওয়ায় এলাকায় যাতায়াত ও কাজ করা অনেক সহজ হবে। আমাদের এই কষ্টের কথা চিন্তা করে কাজকে সুবিধাজনক করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, উপজেলার ইউনিয়নসমূহের প্রতিটি ওয়ার্ড ও এলাকায় স্থানীয় সরকারের সেবাসমূহ পৌঁছাতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।