পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের পাশাপাশি তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন।
সাক্ষাতে সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





