নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে সরকার গুরুত্ব দিচ্ছে: ইউজিসি সদস্য

নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে সরকার গুরুত্ব দিচ্ছে: ইউজিসি সদস্য
নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে সরকার গুরুত্ব দিচ্ছে: ইউজিসি সদস্য

নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউজিসি ও ইউএন উইমেন আয়োজিত ‘হোল অব স্কুল অ্যাপ্রোচ’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মামুন বলেন, নারীর ক্ষমতায়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাজে তৈরি হওয়া নতুন ঝুঁকিগুলো মোকাবিলায়ও গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং বিদ্বেষমূলক বক্তব্য নারীদের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, দ্রুত ডিজিটালাইজেশনের ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিযোগ জানানোর জন্য সহজ, কার্যকর ও গোপনীয় ব্যবস্থা থাকা প্রয়োজন।

ইউজিসি সদস্য জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীপ্রধানদের সামাজিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু কমিটি গঠন কিংবা নীতিমালা প্রণয়ন করলেই যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন অধ্যাপক ড. মামুন।

তিনি বলেন, এসব বিষয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়া ভুক্তভোগীদের জন্য সহজ, নিরাপদ, গোপনীয় এবং কার্যকর করতে হবে। অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহি ও তদারকির কার্যকর ব্যবস্থাও থাকা জরুরি।

উল্লেখ্য, কর্মক্ষেত্র, জনপরিসর এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউজিসি ও ইউএন উইমেনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।