রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বাংলাদেশ।
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের (70th IAEA General Conference) সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের (Alexey Likhachev) মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ কাজের অগ্রগতি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্মাণকাজ ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষই আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে দ্রুততম সময়ে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার ব্যাপারে একমত পোষণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর জোর দিলে রোসাটমের ডিজি প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে উভয় নেতা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।





