বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগের লক্ষ্যে ওমানের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টার ড্রোনস’ (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) এবং বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক এ চুক্তি সই হয়।
পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসি (স্টার ড্রোনস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী, ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য প্রথম দফায় বাংলাদেশ থেকে ইভি বাইক সংগ্রহ করা হবে। পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যের চাহিদা মেটাতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে।
একই সঙ্গে ওমানের স্টার ড্রোনস তাদের নিজস্ব ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশি ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক ও সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক তৈরি করবে। চুক্তি অনুযায়ী, ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয় পর্যায়ে বড় পরিসরে যৌথ বিনিয়োগ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের ইনোভেশন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এমন উদ্যোগ দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতকে বিশ্বমঞ্চে নতুন মাত্রায় নিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি, সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু।





