জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি এতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক বাসসকে জানান, স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান।
অধিবেশনে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বনেতারা আলোচনা করছেন।
জাতিসংঘের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। এ সময় তিনি বিশ্ব শান্তি, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের এ কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।





