জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতিসংঘের কর্মসূচি অনুযায়ী, এতে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গাদের সংকট নিরসনে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
উচ্চপর্যায়ের এ সাইড ইভেন্টে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ, আন্তর্জাতিক ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়টি প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর একটি।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। ২৩ সেপ্টেম্বরের এ উচ্চপর্যায়ের আয়োজনেও সংকটের মূল কারণ মোকাবিলা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।





