পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সার আটক করেছে সাধারণ জনগণ। সোমবার দিবাগত রাতে বোদা পৌরসভার সাতখামার মরে সারগুলো আটক করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আমার ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে পাচারের ১২০ বস্তা বাংলা ড্যাব (DAP) সার ও বহনকারী একটি মাহিন্দ্র গাড়ি জব্দ করেছে প্রশাসন।
একই সংগে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে সারের ডিলার ‘নুরনবী এন্টারপ্রাইজ’-কে ৩০ হাজার টাকা জরিমানা, সার বিক্রয় নিষিদ্ধ ঘোষণা এবং তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতরাতে বোদা পৌরসভার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা বাংলা ড্যাব সার একটি মাহিন্দ্র গাড়িতে লোড করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার অভিমুখে পাচার করা হচ্ছিল।
বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী গাড়িটি হাতেনাতে আটকে দেয়। পরে খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে যায়।





