”শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে রোধ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





