শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে শিক্ষকদেরও এআই বিষয়ে দক্ষ হতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে শিক্ষকদেরও এআই বিষয়ে দক্ষ হতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে শিক্ষকদেরও এআই বিষয়ে দক্ষ হতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব অনেক বেড়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে আধুনিক শিক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশি দক্ষ। ফলে তাদের যথাযথভাবে পাঠদান করতে হলে শিক্ষকদেরও প্রযুক্তি ও এআই বিষয়ে জ্ঞান বাড়াতে হবে।

নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে থাকা যে শিক্ষার্থী প্রশ্ন করতে ভয় পায়, তাকে নির্ভয়ে প্রশ্ন করার সুযোগ করে দেওয়া একজন আদর্শ শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

শিক্ষার উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব

শিক্ষা খাত ও শিক্ষকদের সার্বিক উন্নয়নে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে দল-মতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষককে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার মো. কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং বগুড়ার আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসিম মো. মেজবাহুল হক।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত মোট ৬১৩ জন কর্মকর্তা আট দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন।

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার পরিকল্পনা

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একটি পুরো শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।

তিনি আরও জানান, পুনঃপরীক্ষাতেও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষাধারায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিকল্প শিক্ষাপথে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে খান একাডেমির শিক্ষা সহায়তা

পরে শিক্ষামন্ত্রী বগুড়া, নেত্রকোনা ও কক্সবাজার জেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ‘খান একাডেমি, বাংলাদেশ’-এর শিক্ষা সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।