নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও আরও কার্যকর করার বিভিন্ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করে একটি ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় আসে।
স্বাস্থ্যখাতের এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির সুযোগ তৈরি হতে পারে বলে বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়।





