ঢাকায় ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা প্রচারাভিযান পরিচালনা করেছে ভারতীয় হাই কমিশন। এতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন হাই কমিশনের কর্মকর্তারা। এ সময় তাদের স্বচ্ছতার শপথ পাঠ করান হাইকমিশনার।
‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে দায়িত্বশীলভাবে বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং টেকসই জীবনযাপনের বিষয়ে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্মিলিত অংশগ্রহণ ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ কর্মসূচির মধ্য দিয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ‘স্বচ্ছ ভারত’ ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য বাস্তবায়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।





