রাজনীতিতে সংঘাত ও প্রতিহিংসার চর্চা থেকে বেরিয়ে জাতীয় স্বার্থে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে এম.বি.এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে তাঁর প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, পরস্পরকে দোষারোপ, রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির প্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করেন। দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের পর রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেও একটি দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ‘ম্যাব’-এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, পেশাজীবী সংগঠনগুলো দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।
‘ম্যাব’-এর দক্ষ ও যোগ্য সদস্যদের অভিজ্ঞতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রজ্ঞার প্রশংসা করেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির আগের সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে তাঁরা ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাঁদের সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ‘ম্যাব’-এর সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহসভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান ও আদনান সাবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।





