পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় হুমায়ুন কবিরের সঙ্গে অনুষ্ঠিত আগের বৈঠকগুলোর কথাও স্মরণ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।
বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তারা।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।





