এনজিও-বেসরকারি খাত ও সরকারের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি – অর্থমন্ত্রী

এনজিও-বেসরকারি খাত ও সরকারের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি – অর্থমন্ত্রী
এনজিও-বেসরকারি খাত ও সরকারের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি - অর্থমন্ত্রী

দেশের উন্নয়ন ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এ ধরনের অংশীদারিত্ব কার্যকর করতে নির্দিষ্ট সময়ের মধ্যে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সম্মেলন কক্ষে ‘বিদেশ নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে এনজিওগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশে সৃষ্ট নানা সংকট মোকাবিলা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি বলেন, শুধু সমস্যার কথা শোনা নয়, সেগুলোর কার্যকর সমাধানে পদক্ষেপ নিতে হবে। মানব উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিও এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই সহযোগিতাকে আরও শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক ও নীতিগত কাঠামোর আওতায় আনতে হবে।

এনজিওগুলোর টেকসই অর্থায়নের সুযোগ তৈরি করতে নির্ধারিত সময়ের মধ্যে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের সুযোগ নেই বলেও উল্লেখ করেন।

দেশীয় কারুশিল্পের ঐতিহ্যের কথা তুলে ধরে আমির খসরু বলেন, শীতলপাটিসহ ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে আধুনিক নকশা, মূল্য সংযোজন ও কার্যকর বিপণন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

প্রকল্প অনুমোদনের ক্ষেত্রেও চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। এগুলো হলো—‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত সুরক্ষা।

তিনি বলেন, এসব শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না।

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।