ভারতের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্লামেন্টে একটি নতুন আইন পাস করেছে নিউজিল্যান্ড সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
আইনটি চূড়ান্তভাবে কার্যকর হলে ভারতে রপ্তানি হওয়া নিউজিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্যের ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নেবে নয়াদিল্লি। অন্যদিকে, নিউজিল্যান্ডের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে ভারতীয় সকল পণ্য। একই সঙ্গে চুক্তির শর্তানুযায়ী আগামী ১৫ বছরের মধ্যে ভারতের বাণিজ্য ও অবকাঠামো খাতে দুই হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করবে ওয়েলিংটন।
এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল নয়াদিল্লিতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহুল আলোচিত এই মুক্ত বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটির আইনি ভিত্তি দিতেই নিউজিল্যান্ডের পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হয়।
পার্লামেন্টে বিলটি পেশের পর ৯৩ জন এমপি এর পক্ষে রায় দেন এবং বিপক্ষে ভোট দেন ২৯ জন সদস্য। দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে বিরোধী দল লেবার পার্টির একাধিক এমপিও বিলটির পক্ষে সম্মতি প্রকাশ করেন। নিউজিল্যান্ডের সাংবিধানিক নিয়ম অনুযায়ী পাস হওয়া বিলটি এখন অনুমোদন ও স্বাক্ষরের জন্য গভর্নর জেনারেলের কার্যালয়ে পাঠানো হবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে বলেন, “সংসদে আইনটি পাস হওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ঐতিহাসিক রূপান্তর ঘটবে। এটি পূর্ণ কার্যকর হলে আমাদের দেশের রপ্তানিকারকেরা সরাসরি অর্থনৈতিক সুফল পাবেন। চলতি বছরই এই মুক্ত বাণিজ্য চুক্তি পুরোপুরি কার্যকর হবে বলে আমরা প্রত্যাশা করছি।”





