নওগাঁর মান্দায় জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বিস্তার রোধে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এই বিশেষ কর্মসূচির সূচনা হয়।
দিনব্যাপী কর্মসূচির শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও মশা নিধনে ফগার মেশিনের প্রয়োগ প্রত্যক্ষ করেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। শুধু সরকারি উদ্যোগ বা প্রশাসনের একার পক্ষে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই আগে সচেতন হতে হবে। কোথাও যেন জমা পানি তিন দিনের বেশি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে আমরা মান্দা উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে পারব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন বলেন, “আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই অভিযান জোরদার করা হবে। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে থাকবেন, তবে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া এই অভিযানের পূর্ণাঙ্গ সফলতা সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়াদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের প্রতীকী সূচনা করেন।




