জাপানের অন্যতম বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানায় প্রতিনিধিদলটি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়টিও গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, মারুবেনির সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে দেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
এ ছাড়া আগামী এক বছরের মধ্যে দেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এ প্রকল্পে মারুবেনির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর বিষয়টিও বৈঠকে স্থান পায়। কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনার উন্নয়নে মারুবেনির বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সার উৎপাদন খাতে সহযোগিতার অংশ হিসেবে কাফকোতে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা হয়। পাশাপাশি বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মারুবেনি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।





