জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও নির্ধারিত লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

সরকারি দায়িত্বকে দেশ ও মানুষের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেন। তাই এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আল্লাহ সবাইকে দেশ ও মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। যার যতটুকু দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগাতে হবে।

দায়িত্ব পালনের সুযোগ সব সময় এক রকম থাকে না উল্লেখ করে তিনি বলেন, যে ব্যক্তি যখন যে দায়িত্বে থাকবেন, তাঁকে সেই সময়ের সুযোগ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যবহার করতে হবে।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, তত দিন সেই সুযোগ দেশ ও মানুষের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

এ সময় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ভবিষ্যতে আবারও পর্যালোচনা সভা হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।