যশোর শহরের চাঁচড়া রাজবাড়ী এলাকায় দশম শ্রেণির ছাত্রী শিপ্রাকে মারধরের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। নিহতের ভাই পাপন কুমার ঘোষ বাদী হয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) যশোর আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ঘটনার বিষয়ে থানায় আগে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন—চাঁচড়া রাজবাড়ী এলাকার অনুপম রায় ওরফে অপার গোবিন্দ দাস (৪০), সাধন অধিকারী (৫৮), রাম অধিকারী (৫৫), অর্জুন দাস, পার্থ দাস, পবিত্র, সঞ্জয় ও রঘু।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা ইসকনের সদস্য। নিহত শিপ্রা ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাতায়াতের সময় অনুপম রায় অন্যদের সহযোগিতায় তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, যৌন হয়রানি ও কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সাড়া না দেওয়ায় শিপ্রার ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন অভিযুক্তরা—এমন দাবি করা হয়েছে মামলার আরজিতে।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাপন কুমার ঘোষ ও তার ভাই বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা ছুরি-চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা শিপ্রাকে যৌন হয়রানি ও মারধর করা হয়। তার চিৎকার শুনে বৃদ্ধ মা এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে অভিযুক্তরা বৃদ্ধাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর শিপ্রাকে মারধরের একপর্যায়ে অনুপম রায় অন্যদের সহযোগিতায় গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার পর শিপ্রার ওড়না দিয়ে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে অভিযুক্তরা চলে যায় বলে মামলার আরজিতে বলা হয়েছে।
পরে পাপন কুমার ঘোষ ও তার ভাই বাড়িতে ফিরে শিপ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান বাদীপক্ষ।





