মাঠপর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে অধ্যাদেশের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
সংশোধনীর মাধ্যমে দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান থাকলেও নতুন সংশোধনীতে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।
এ ছাড়া দাখিলপত্র জমা দেওয়ার ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
খসড়া অনুযায়ী, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবেন।
মন্ত্রিসভার অনুমোদনের ফলে ভ্যাট ও সম্পূরক শুল্ক সংক্রান্ত দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনর্বিন্যাসের পাশাপাশি মাঠপর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





