মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজী কান্দি এলাকায় একটি নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকার ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সহজ ও নির্বিঘ্ন করতে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করতে হবে।
শুক্রবার সকালে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দাবিতে এক বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। আয়োজকদের মতে, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিতে ও যাতায়াতের সুবিধা বিবেচনায় এই বিদ্যালয়ে ভোটকেন্দ্র করা অত্যন্ত জরুরি।
কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মানববন্ধন থেকে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ের মধ্যে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্থায়ী ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণের জোর দাবি জানান।





