স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া সম্ভব হয়নি। দেশে কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী ধরনের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম দরকার—এসব বিষয়ে সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে।

বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নে তদবিরের সংস্কৃতি বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে সঠিক ব্যক্তিকে উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের গবেষণায় আরও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে চিকিৎসকদের বিভিন্ন অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত শাসনামলে আহত নেতা-কর্মীদের চিকিৎসায় চিকিৎসকদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে স্বাস্থ্যখাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।