যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,ঝিনাইদহ জেলার কালিগজ্ঞ থানার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫) ঝিনাইদহ কালিগজ্ঞ থানার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত আমিন উদ্দিন তরফদারের ছেলে বকুল হোসেন (৫৫) শার্শা থানাধীন রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মন্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত ১ টার সময় বাগুড়ী গ্রামস্থ মাস্টারপাড়ার আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়।
ওই বাড়ির নিচতলার একটি রুম থেকে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অপরাধে তিনজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত আসামীদের হেফাজত থেকে জব্দতালিকা মূলে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়। নগদ ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা।৩টি পুরাতন ব্যবহৃত স্মার্টফোন ৮টি ১০০০ টাকার নোটের সাইজের কাচের টুকরা ২টি লাল সালুক কাপড় ২টি লাল রঙের ব্যবহৃত কাটিং সুতা ১টি পুরাতন ব্যবহৃত নীল রঙের হ্যান্ডব্যাগ।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটক আসামীরা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল এবং পুনরায় একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধারকৃত কাচের টুকরা, লাল কাপডস ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের ১৬/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





