২০৩০ সালের মধ্যে খাদ্যশস্য মজুদের সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্য সরকারের – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

২০৩০ সালের মধ্যে খাদ্যশস্য মজুদের সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্য সরকারের – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
২০৩০ সালের মধ্যে খাদ্যশস্য মজুদ ৩৪ লাখ টন করবে সরকার

দেশের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে সরকারি খাদ্যশস্য মজুদের ধারণক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে বিভিন্ন সরকারি খাদ্যগুদামের মোট ধারণক্ষমতা ২৪ লাখ ৯ হাজার টন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে তিনি খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া, পরিবেশসহ বিভিন্ন খাতের সরকারি সিদ্ধান্ত ও চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

খাদ্যগুদাম সংস্কারে উদ্যোগ

খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। খাদ্য অধিদপ্তরের আওতাধীন সিএসডি, এলএসডি, সাইলো ও ওয়্যারহাউজসহ বিভিন্ন স্থাপনার মোট ধারণক্ষমতা ২৪ লাখ ৯ হাজার টন।

তবে জরাজীর্ণ অবস্থা, পুরোনো অবকাঠামো ও নদীভাঙনের কারণে প্রায় ৯২ হাজার টন ধারণক্ষমতার গুদাম বর্তমানে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এসব গুদাম দ্রুত সংস্কার ও মেরামতের মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি

এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট রোধ এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসকের সঙ্গে সম্প্রতি বিশেষ বৈঠক হয়েছে বলে জানান ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার গ্যাস ডিস্ট্রিবিউটর ও ডিলারদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরবরাহের নির্ধারিত চ্যানেল অনুসরণ এবং কোনো অনিয়ম বা অসংগতি দেখা গেলে তা দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

১১ দিনে ৭১ লাখ টাকা জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অক্টোবরের প্রথম ১১ দিনে সারা দেশে ৩৬৮টি তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে।

এসব অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী অপরাধের দায়ে ৭২৮টি প্রতিষ্ঠানকে মোট ৭১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

১০টি তাঁত পণ্যের জিআই নিবন্ধন

দেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও তাঁতশিল্প সংরক্ষণে বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে ১০টি পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন পাওয়া গেছে বলে জানান তথ্য উপদেষ্টা।

নিবন্ধিত পণ্যগুলো হলো—ঢাকাই মসলিন, ঢাকাই ফুটি কার্পাস, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, কুমিল্লার খাদি, সিরাজগঞ্জের গামছা, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট, ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ এবং কালিগঞ্জের তোয়ালে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্রিটিক্যালিটি অর্জন

বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রগতি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, গত ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৩টা ৩৪ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে সফলভাবে ‘ক্রিটিক্যালিটি’ অর্জিত হয়েছে।

এর মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ নিউক্লিয়ার ফিশন চেইন রিঅ্যাকশন শুরু হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। শিগগিরই এই ইউনিট থেকে ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

নতুন ২১টি ডে-কেয়ার সেন্টারের উদ্যোগ

কর্মজীবী নারীদের সহায়তা এবং শিশুদের নিরাপদ পরিচর্যা নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে নতুন ২১টি ডে-কেয়ার সেন্টারের কার্যক্রম অনুমোদনের প্রশাসনিক প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপনের পরিকল্পনা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা ব্রিফিংয়ে জানানো হয়। একই সঙ্গে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা ও বীমা সুবিধা দেওয়ার ঘোষণাও তুলে ধরা হয়।

সাত মাসে রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে গত সাত মাসে দেশে ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন খাতের এসব উদ্যোগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, বাজার তদারকি, বিদ্যুৎ উৎপাদন, কর্মজীবী নারীদের সহায়তা, ক্রীড়া অবকাঠামো ও পরিবেশ সংরক্ষণে অগ্রগতি তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।