বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হচ্ছে। বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করে নেবে।
মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড় এলাকার স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, চাকরিতে নিয়োগ বাণিজ্যসহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এ সভার আয়োজন করে এনসিপির মাদারীপুর জেলা শাখা।
সভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকা মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না।
জুলাই সনদের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার জুলাই সনদের কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না। বর্তমান সরকার নিজেকে জাতীয়তাবাদী সরকার হিসেবে দাবি করলেও দেশের মানুষের স্বার্থ কতটা রক্ষা করতে পেরেছে, তা কাজে প্রমাণ করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকা স্পষ্ট না হলে তাদের সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা রয়েছে কি না, সে প্রশ্ন উঠবে।
এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।





