দেশে ইংরেজি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশে তাদের পরিচালিত বিভিন্ন শিক্ষা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। দেশের শিক্ষা খাতের উন্নয়নে তাদের অঙ্গীকার এবং বিভিন্ন কর্মসূচিতে সংস্থাটির ভূমিকার বিষয়েও মন্ত্রীকে জানানো হয়।
প্রতিনিধিদলটি শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে ব্রিটিশ কাউন্সিলের চলমান উদ্যোগগুলো তুলে ধরে। একই সঙ্গে বাংলাদেশে ইংরেজি শিক্ষা ও শিক্ষক উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটির সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং সংস্থাটির ‘হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন’ দীপ্তি দাস উপস্থিত ছিলেন।





