দলীয় দৃষ্টিভঙ্গি নয়, সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

দলীয় দৃষ্টিভঙ্গি নয়, সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী
দলীয় দৃষ্টিভঙ্গি নয়, সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সবার কল্যাণ নিশ্চিত করার মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চান তিনি।

আজ জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শাহজাহান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় দলীয় বিবেচনার পরিবর্তে সার্বজনীন কল্যাণের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করলে সমাজকল্যাণ খাতের উন্নয়ন আরও কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম কমিটির সদস্যদের সামনে তুলে ধরা হয়।

জনকল্যাণে মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সমন্বিত ও সময়োপযোগী কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কমিটির সদস্য মো. মজিবুর রহমান উপজেলা পর্যায়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, গত ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই ফ্ল্যাগশিপ কর্মসূচি এখন পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী ও মো. মজিবুর রহমান অংশ নেন।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও অধীন বিভিন্ন বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। শেষে কমিটির সভাপতি উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।