পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে মাদারীপুরের ডাসারে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ডাসার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাসিবুল হাসান শারদ। এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর দিকনির্দেশনায় সারাদেশের ন্যায় ডাসারেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারা আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।





