নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দ্রুত আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নওগাঁর মান্দায় এক আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে মান্দা উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান।
দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ডা. ইকরামুল বারী টিপু একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধির পাশাপাশি দীর্ঘদিন ধরে মান্দার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় অনন্য ভূমিকা রেখে আসছেন।
জনগণের সাথে তাঁর নিবিড় আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁর অসুস্থতার খবরে মান্দাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ নিজ নিজ উদ্যোগে তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
পরিশেষে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত মোনাজাতে ডা. ইকরামুল বারী টিপুর দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে জনকল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মান্দাবাসীর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।





