ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে নাসিরনগরে আধুনিক একটি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মো. আমিনুল হক বলেন, ফাইনাল খেলাকে ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসার প্রমাণ। খেলাধুলার প্রসারের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উপজেলায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি নির্মাণের কথাও জানান তিনি।
যুবসমাজের কর্মসংস্থান ও উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
দুই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপিয়া। এছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন





