প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফর উপলক্ষে ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের উদ্বোধনস্থল এবং জনসভাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্ধারিত দুই অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন তিনি। এ সময় অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মন্ত্রী।
বিকেলে আবদুল আউয়াল মিন্টু ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। পরে পরশুরাম উপজেলার মির্জানগরের খোয়াঘাট এলাকায় গিয়ে প্রকল্প উদ্বোধনস্থলও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী বলেন, সরকার গঠনের সাত মাসের মধ্যে প্রধানমন্ত্রী ফেনী সফরে আসছেন। ফেনীর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, তাঁর সফরের মাধ্যমে জেলার বিভিন্ন দাবি ও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, মুছাপুর ক্লোজার প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। এর নির্মাণকাজ শুরু হলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবারও ফেনী সফর করবেন বলে আশা করা হচ্ছে। ওই সফরে তাঁর নোয়াখালী যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রথমে পরশুরামে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
পরে বিকেলে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং কিডনি ও ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বিতরণের কর্মসূচিও রয়েছে বলে জানান তিনি।
আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন বলে জানান সংসদ সদস্য মজনু। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পরিদর্শনের সময় সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





