একনেকে ৩টি মেট্রোরেলসহ ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ৩টি মেট্রোরেলসহ ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
একনেকে ৩টি মেট্রোরেলসহ ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণসহ দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি মেগা উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি বহুল প্রতীক্ষিত মেট্রোরেল প্রকল্প রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে অবশিষ্ট ৫৭ কোটি ৭১ লাখ টাকা। ১২টি প্রকল্পের মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।

অনুমোদিত গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্পগুলোর মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭.২০ কিলোমিটার দীর্ঘ (১৩.১০ কিমি পাতাল) নতুন ‘এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা। এতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ ঋণ হিসেবে দেবে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা।

এছাড়া নকশা পরিবর্তন ও বাস্তবায়নের সময়সীমা বাড়ার কারণে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ‘এমআরটি লাইন-১’ এর খরচ বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা এবং ‘এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট’-এর মোট ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকায় বৃদ্ধি করে প্রথম সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।

একনেকে অনুমোদিত অন্যান্য প্রধান প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন (৩,৮২২ কোটি টাকা), বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (৪,৬৬৭ কোটি টাকা বাড়তি অনুমোদন), এবং বরিশাল সেনানিবাস স্থাপন-২য় পর্যায় (১,১৫৩ কোটি টাকা)।

এছাড়া রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের মহাসড়ক প্রশস্তকরণ, খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন, টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের সুরক্ষা এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ প্রকল্পগুলো একনেকের অনুমোদন লাভ করে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।