বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে চীন। প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দেশটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ দমন সক্ষমতা বাড়াতে সহায়তার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে সাইবার অপরাধবিষয়ক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
টেলিকমভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। প্রয়োজন অনুযায়ী যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
ভবিষ্যতে সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ এবং চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





