কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) এবং কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে দুই শিশু। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও জেলেরা খবর পেয়ে নদীতে তাদের খোঁজ শুরু করেন। পরে স্থানীয় কোস্টগার্ড স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
বেলা দুইটার দিকে স্থানীয়রা আরজিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান বলেন, ‘নাফ নদীতে নিখোঁজ হওয়া মো. নিশানকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সনজীব কান্তি নাথ বলেন, স্থানীয়দের কাছ থেকে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
দুই শিশুর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



