প্রাথমিক শিক্ষায় এডটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জোর

প্রাথমিক শিক্ষায় এডটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জোর
প্রাথমিক শিক্ষায় এডটেক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষায় এডুকেশন টেকনোলজি (এডটেক) ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো, শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির কার্যকর সংযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক উঠে আসে।

ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের ভাষাগত ও অন্যান্য মৌলিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতের প্রযুক্তিগত সহযোগিতা ও সংযুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করা এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও সহজপ্রাপ্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোনো শিশু যেন শারীরিক বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বৈঠকে ইউনিসেফের পক্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এডটেক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা খাতের সংযোগ এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

পিয়া রেবেলো ব্রিট্টো বাংলাদেশের এসব উদ্যোগে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার আশ্বাস দেন। প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করে প্রতিটি শিশুর জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও ভবিষ্যতমুখী শিক্ষা গড়ে তুলতে ইউনিসেফ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইউনাইটেড নেশনস প্লাজার ইউনিসেফ হাউজে আয়োজিত একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সেখানে পরিবর্তনশীল কর্মবাজারের উপযোগী করে তরুণদের গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ, মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের জন্য ভবিষ্যতমুখী সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

ববি হাজ্জাজ বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন একটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি। বাংলাদেশ বিশ্বাস করে, প্রাথমিক শিক্ষা থেকেই প্রতিটি শিশুকে জ্ঞান, দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মজগতের জন্য প্রস্তুত করতে হবে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।