দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশ

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশ

মাঠ পর্যায়ের ভূমি সেবায় স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের জরুরি নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

একই সঙ্গে এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিতে ডিজিটাল হাজিরার নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

সম্প্রতি (১৪ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে সকল জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ এখতিয়ারভুক্ত জেলার প্রতিটি উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক হাজিরা ডিভাইস বসানো ও তা তদারকির আনুষ্ঠানিক দায়িত্ব প্রদান করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি দফতরে ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জনবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের অংশ হিসেবেই এ পদক্ষেপ। সাধারণ নাগরিকেরা যেন কোনো ভোগান্তি ছাড়া যথাসময়ে কাঙ্ক্ষিত ভূমি সেবা পান, সে জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বায়োমেট্রিক হাজিরার নির্দেশনার পরিপত্রটি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের পাশাপাশি দেশের সকল বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট সিস্টেম এনালিস্টদের অনুলিপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় আশা প্রকাশ করছে, এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতিতে শৃঙ্খলা ফিরবে। এর ফলে সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের হয়রানি কমবে এবং প্রশাসনিক স্বচ্ছতা বহুগুণ বৃদ্ধি পাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।