দুর্গাপূজাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক।
তিনি জানান, জরুরি কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে সংশ্লিষ্টরা ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবির সদস্যরা পেশাদারত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় নিশ্চিত করতে রমনা কালীমন্দির পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং রমনা কালীমন্দির সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, রাজধানীর রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ গুরুত্বপূর্ণ ও আশপাশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রাখা হচ্ছে। পূজার প্রস্তুতির শেষ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয় করতেই এ পরিদর্শন।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ বাহিনীটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





